বিনা অনুমতিতে পাহাড় কাটার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই প্রকৌশলী এবং এক কাউন্সিলরসহ সাতজনের নামে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর অঞ্চল।
মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরীর সহকারী হাসান আহম্মদ আকবর শাহ থানায় মামলাটি করেছেন।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন- চসিকের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন, জৈষ্ঠ উপসহকারী প্রকৌশলী ওয়ালী আহমেদ, ঠিকাদারি প্রতিষ্ঠান এবি হক ব্রাদার্সের পরিচালক ওমর ফারুক, ওমর ফারুকের স্ত্রী তাকিয়া বেগম, চসিকের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিম ও মোহাম্মদ ইসমাইল নামে স্থানীয় একজন।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর পরিচালক হিল্লোল বিশ্বাস বলেন, গত ৭ এপ্রিল আকবর শাহ থানার বেলতলীঘোনায় পাহাড় ধসের ঘটনা ঘটে। সেখানে সিটি করপোরেশনের রাস্তা নির্মাণের কাজ চলছিল। ওই ঘটনায় এক শ্রমিক নিহত এবং আহত হন তিনজন। রাস্তা নির্মাণের কাজে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া খাড়াভাবে পাহাড় কাটায় পরিবেশ আইনের লঙ্ঘন হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রতিয়মান হয়েছে। এর ফলে জনজীবন ও পরিবেশ হুমকির মুখে পড়ায় অভিযুক্ত সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে জানিয়ে তদন্ত প্রতিবেদনে আর কারও সম্পৃক্ততা পাওয়া গেলে পরে তাদেরও এ মামলায় আসামি করা হবে বলেও জানান অধিদপ্তর পরিচালক।