ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুমা বিশ্বাস (২৬) নামে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। বাঁচানো যায়নি তার অনাগত সন্তানকেও।
বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রুমা বিশ্বাস বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামের বাসিন্দা। তার স্বামী একই ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষ।
লিটন ঘোষ বলেন, রুমা ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিল। ২৩ জুলাই তার ডেঙ্গু শনাক্ত হয়। অন্তঃসত্ত্বা হওয়ায় বাড়িতেই চিকিৎসাধীন ছিল। মঙ্গলবার বিকেলে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার বিকেলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেইসঙ্গে গর্ভের সন্তানেরও মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন গণমাধ্যমকে বলেন, ফরিদপুরে আমাদের জেলার (রাজবাড়ী) কোনো রোগী মারা গেলে সেই তথ্য রেকর্ড করা হবে। তবে অন্তঃসত্ত্বার মৃত্যুর বিষয়টি আমাদের জানানো হয়নি।
তিনি বলেন, এখন ডেঙ্গু আক্রান্ত রোগীর অবস্থা দ্রুত অবনতি হচ্ছে। তাই জ্বর হলে দ্রুত পরীক্ষা করে চিকিৎসা নিতে হবে। পাশাপাশি এখনই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।














