নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে তাণ্ডব চালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এসময় কিশোর গ্যাংয়ের সদস্যরা আওয়ামী লীগের অফিসসহ রেস্টুরেন্ট, মুদি দোকান ও বাসাবাড়িতে লুটপাট চালায়। সেইসঙ্গে রূপগঞ্জ থানার পুলিশের এসআই মারুফসহ অন্তত ১২জনকে কুপিয়ে আহত করে।
শনিবার (১৯ আগস্ট) রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ফতুল্লার মাসদাইর তালা ফ্যাক্টরী মোর থেকে মাসদাইর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে দীর্ঘ এক কিলোমিটার এলাকায় এ তাণ্ডব চালানো হয়।
আহতদের খানপুর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টায় নেসার ও সাব্বির তাদের বাহিনীর অন্তত অর্ধশতাধিক সন্ত্রাসী নিয়ে মাসদাইর তালা ফ্যাক্টরী এলাকায় তাণ্ডব চালায়। এসময় ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে হামলা করে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শামীম ওসমানের ছবিসহ চেয়ার টেবিল ভাঙচুর করে তারা। এরপর সড়কের পাশে দোকান, রেস্টুরেন্ট ও বাসা বাড়িতে ভাঙচুর করে কুপিয়ে ছিন্নভিন্ন করে।
সন্ত্রাসীরা মাসদাইর সরকারি বালিকা বিদ্যালয় পর্যন্ত এ তাণ্ডব চালিয়ে পালিয়ে যায়। এসময় সড়কে যাকে কাছে পেয়েছে তাকেই কুপিয়ে জখম করেছে। এরমধ্যে রূপগঞ্জ থানার এসআই মারুফ সাদা পোশাকে মোটরসাইকেলে ফতুল্লা থানা থেকে রূপগঞ্জ যাওয়ার পথে মাসদাইর সরকারি বালিকা বিদ্যালয়ের কাছে পৌঁছালে সন্ত্রাসীরা তার হাতে কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় এক কিলোমিটার এলাকায় আতংক দেখা দেয়।
ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। আহত পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।














