- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

নিজ বাড়ির সামনে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

ভোলায় নিজ বাড়ির সামনে মো. রেজওয়ান আমিন সিফাত (২৫) নামের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিফাত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বের হন।

ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সিফাত সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী এবং ৯ নম্বর ওয়ার্ডের ক্লোজার বাজার এলাকার আলাউদ্দিন হাওলাদারের ছেলে।

আরও পড়ুন  সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে ফের ভয়াবহ আগুন

প্রত্যক্ষদর্শী ও পরিবার জানায়, বাড়ির সামনের সড়কে আগে থেকে ওৎ পেতে থাকা ৫-৬ জন দুষ্কৃতকারী তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জুনায়েদ হোসেন জানান, নিহতের শরীরে বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন  ৪৮ বছর পর জিয়াউর রহমানকে ‘নির্দেশদাতা’ উল্লেখ করে মামলা

নিহতের বাবা আলাউদ্দিন হাওলাদারের দাবি, এই হত্যাকাণ্ডের মূলে রয়েছে জমি সংক্রান্ত বিরোধ ও রাজনৈতিক প্রতিহিংসা।

তিনি অভিযোগ করেন, তার আপন ভাই সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. হেলাল হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে মামলা ও বিরোধ চলছিল। হেলালের ছেলে হাসিব, শাকিব ও শিহাবসহ ৫-৬ জন এই হামলায় সরাসরি অংশ নেয়। আওয়ামী লীগের রাজনীতির প্রভাব খাটিয়ে গত ১৭ বছর ধরে হেলাল তাদের পরিবারের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন  ডিমের ডজন ৬৫ টাকা

ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে ছুটে এসেছি এবং ঘটনাস্থালেও পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। নিহতের পরিবার অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হবে।