চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তিরহাটে হানিফ ও নাবিল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।
শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।
নিহতরা হলেন- শাহিদা (২৮) ও আব্দুল হামিদ (৩২)। আর আহতরা হলেন- আসিকা (২৫), ফোরকান উদ্দিন (২৭), মোহাম্মদ আরিফ (২২), এনামুল হক (২৭), ইকা মনি (৩) ও আবুল কালাম (৫২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হানিফ পরিবহনের একটি বাস কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বাসটি পটিয়ার শান্তিরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাবিল পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহিদা ও আব্দুল হামিদ নামে দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের ২ নম্বর ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।














