দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার (৮ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে চীনের অভিনন্দন জানান রাষ্ট্রদূত ওয়েন।একইসঙ্গে রাষ্ট্রদূত চীনা নেতাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৯৯টিতে। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মারা যাওয়ায় ওই আসনে নির্বাচন আগেই স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।
অন্যদিকে রবিবার (৭ জানুয়ারি) ভোটগ্রহণের দিন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের একটি কেন্দ্রে অনিয়মের ঘটনায় আটকে দেওয়া হয়েছে ময়মনসিংহ-৩ পুরো আসনের ফল।
নির্বাচনে ২৯৮টি আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলে নৌকা প্রতীকে ২২৭টি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের এমপি প্রার্থীরা। ৬০টি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। আর জাতীয় পার্টি জয় পেয়েছে ১০টি আসনে। অন্যান্য দল থেকে জয়ের মুখ দেখেছেন এক প্রার্থী।