রোহিঙ্গা ক্যাম্পে খুন-হত্যাকাণ্ড এখন স্বাভাবিক ঘটনায় রূপ নিয়েছে। প্রতি নিয়ত সন্ত্রাসীদের হাতে হত্যার শিকার হচ্ছেন সাধারণ রোহিঙ্গারা। এবার পাওয়া গেল মাহবুবুর রহমান (৩৫) নামে এক যুবকের মুখ, হাত-পা বেঁধে জবাই করা মরদেহ।
খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে উখিয়ার বালুখালী ক্যাম্প-৯ থেকে এই রোহিঙ্গা যুবকের মরদেহটি উদ্ধার করে পুলিশ।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে তাকে কখন বা কি কারণে জবাই করা হয়েছে তা জানা না গেলেও ধারণা করা হচ্ছে, গেল রাতের কোন এক সময়ে হত্যার শিকার হয়েছেন ওই রোহিঙ্গা যুবক।
মাহবুবুর রহমান ক্যাম্প-৮ ইস্টের বাসিন্দা আবু শামার ছেলে।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, অজ্ঞাতনামা কিছু সন্ত্রাসী মাহবুবুর রহমান (৩২) নামে এক রোহিঙ্গা যুবককে জবাই করে ফেলে রেখে যায়। খবর পেয়ে সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি ক্যাম্প-৮ ইস্টের বাসিন্দা। ক্যাম্প-৫ এ তার শ্বশুর বাড়ি। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।














