বরিশালের বাকেরগঞ্জে বাস চাপায় নজরুল ইসলাম নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বাকেরগঞ্জের কাঁঠালতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার মো. আবদুস ছালাম।
নিহত নজরুল ইসলাম বরগুনা জেলা পুলিশের বিশেষ শাখার ওসি ছিলেন।
পুলিশ সুপার মো. আবদুস ছালাম বলেন, বরিশাল থেকে মোটরসাইকেলে করে বরগুনা আসছিলেন ওসি নজরুল ইসলাম। এ সময় বরগুনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, হানিফ পরিবহনের বাসটি বরিশালের গৌরনদী থেকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।














