পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, বাংলাদেশকে রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্ব ব্যাংক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেকের সৌজন্য সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।
ডলার সংকট নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ডলার সংকট নিয়ে কোনো আলোচনা করিনি।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ৭০০ মিলিয়ন ডলারের এই সহায়তায় ৩১৫ মিলিয়ন ডলার অনুদান রোহিঙ্গাদের জন্য, যা ফেরত দিতে হবে না। এছাড়া আশ্রয়দাতা বাংলাদেশিদের অবকাঠামো, বাসস্থান ও চিকিৎসার লক্ষ্যে ৩৮৫ মিলিয়ন ডলার দেয়া হবে যেটি সফট লোন।
বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের চলমান সম্পর্কের পাশাপাশি আগামীতে বিভিন্ন সম্পৃক্ততা বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
উগান্ডার রাজধানী কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলন এবং ৭৭ জাতি গ্রুপ ও চীনের তৃতীয় দক্ষিণ সম্মেলন (সাউথ সামিট) থেকে দেশে ফিরে এই সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, এই দুই দিনের সম্মেলনের পাশাপাশি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং ভারত, মিয়ানমারসহ বিভিন্ন দেশের সঙ্গে ১৭টি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি।