- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

বিএনপির সমাবেশে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করেছে বিএনপি। এ কর্মসূচি চলার সময় সংঘর্ষে জড়ায় দলটির অঙ্গ সংগঠন ছাত্রদলের দুটি গ্রুপ। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

সরেজমিনে দেখা যায়, সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুরুর কিছুক্ষণের মধ্যেই কয়েকজন ছাত্রদল নেতাকর্মী হঠাৎ লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলে পড়ে। এ সময় মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংঘাত থামাতে চেয়ার থেকে উঠে গিয়ে সংঘাতরত নেতাকর্মীদের নিবৃত করার চেষ্টা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। কিন্তু ততক্ষণে হামলায় বেশ কয়েকজন আহত হয়।

আরও পড়ুন  খালেদা জিয়ার হার্টের চিকিৎসা নিয়ে বৈঠক করেছে মেডিকেল বোর্ড

জানা গেছে, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের বলয়ে যারা ছাত্রদলের রাজনীতি করেন তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পশ্চিম ছাত্রদলের জুয়েল রাজসহ অন্তত ১০ জন আহত হন।

সংঘর্ষ চলাকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্ধারিত বক্তব্য থামিয়ে বলেন, যারা সংঘাত করছে তারা সরকারের দালাল।

আরও পড়ুন  নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখা অন্যতম অগ্রাধিকার: বানিজ্য প্রতিমন্ত্রী

এদিকে, সমাবেশে খালেদা জিয়াকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে সরকারকে আল্টিমেটাম দিয়েছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।