এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারতের অমৃতসরে অবস্থিত স্বর্ণমন্দির এলাকা।
বৃহস্পতিবার (১১ মে) ভারতীয় পুলিশ এ খবর নিশ্চিত করেছে। শিখ ধর্মের অনুসারীদের কাছে এটি একটি পবিত্র স্থান।
খবরে বলা হয়, ভারতের উত্তরাঞ্চলীয় এ নগরীতে মধ্যরাতের দিকে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।
পুলিশ জানায়, সেখানে বিস্ফোরণের তীব্রতা খুব একটা বেশি ছিল না। তবে, বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ কর্মকর্তা নৌনিহাল সিং বলেন, এলাকাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ন্যাশনাল ইনটেলিজেন্স এজেন্সি (এনআইএ) ও পাঞ্জাব পুলিশের একটি ফরেনসিক দল এটি নিয়ে কাজ করছে।
পুলিশ আরো জানায়, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ বৃহস্পতিবার পাঁচজনকে গ্রেফতার করেছে।
তবে. এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি তারা। আগের দুই বিস্ফোরণে দুইজন আহত হয়েছিল।
এ দুই বিস্ফোরণের একটি গত সোমবার এবং আরেকটি গত সপ্তাহান্তে ঘটে। পুলিশ এখন পর্যন্ত এসব বিস্ফোরণের কারণ জানাতে পারেনি।
প্রসঙ্গত, পাঞ্জাব রাজ্যের এ স্বর্ণমন্দির সারাবিশ্বের শিখদের কাছে একটি পবিত্র স্থান।
সূত্র- এনডিটিভি














