ভারতের মহারাষ্ট্রে বছর শেষে মর্মান্তিক অগ্নিদুর্ঘটনায় ছয়জনের প্রাণহানি ঘটেছে। কারখানায় আগুন লেগে মারা গেছে ৬ শ্রমিক।
রবিবার (৩১ ডিসেম্বর) ভোরে মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আজ ভোরে ওয়ালুজ এমআইডিসি এলাকায় সানশাইন এন্টারপ্রাইজ নামে একটি হ্যান্ড গ্লাভস প্রস্তুতকারী কারখানায় আগুন লাগে।
রিপোর্ট অনুযায়ী, কারখানায় ২০ থেকে ২৫ জন শ্রমিক কাজ করতেন। গত শনিবার রাতে নাইটশিফটের কাজ শেষে ১০ জন শ্রমিক কারখানাতেই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে কারখানায় যখন আগুন লাগে, তখন তারা ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত শ্রমিকদের কেউ কেউ গরম অনুভব করে জেগে উঠে দেখেন কারখানায় আগুন লেগেছে। এর পর তারা অন্যদের জাগান। তবে এর মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিছু শ্রমিক বেরিয়ে আসতে সক্ষম হলেও ৬ জন আটকে পড়েন ভেতরেই। এতে দম বন্ধ হয়ে আগুনে ঝলসে মারা যান তারা।














