ভারদের লোকসভায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুমুল সমালোচনা করেছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। তিনি মোদিকে উদ্দেশ করে বলেছেন, ভারতের মানুষ আপনার ওপর আস্থা হারিয়েছেন।
তার অভিযোগ, ভারতে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। যার কারণে ‘সবজি হিন্দু আর ছাগল মুসলিম হয়ে গেছে।’
বৃহস্পতিবার (১০ আগস্ট) সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করতে গিয়ে এমন অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য মহুয়া মৈত্র।
তার অভিযোগ, মণিপুরে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে বিজেপি।
মহুয়া মৈত্র আরো বলেন, আমরা সংসদে এসেছি ‘তুম অভি চুপ রাহো’ প্রজাতন্ত্রে প্রশ্ন করতে। এখানে প্রধানমন্ত্রী একজন গভর্নরকে বলছেন চুপ করতে। এই সংসদে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আমাদের নিয়মিত চুপ কর বলা হয়। মণিপুরের এ নীরবতা ভাঙার জন্য এই আন্দোলন। প্রধানমন্ত্রী মোদি আমাদের কথা শুনবেন না, তিনি শেষ দিনে এসে ভাষণ দেবেন।
মণিপুর ইস্যুতে মহুয়া বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আমি আমার অনুরোধ, মণিপুরের প্রশাসনে পরিবর্তন আনুন। বিজেপির ডবল ইঞ্জিন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো মণিপুরের হিংসা। সরকারের ওপর আস্থা হারিয়েছে দেশবাসী।
মহুয়া বলেন, সংসদে অনাস্থা আলোচনা চলছে। কিন্তু প্রধানমন্ত্রী এখানে নেই। গত দু’দিনে আসেননি। উনি তো সবার শেষে আসবেন। মণিপুরে যাননি এখনো। আমি জানি না এর চেয়ে দুর্ভাগ্যজনক কী আছে… আমাদের প্রধানমন্ত্রী সংসদে আসতে অস্বীকার করেছেন, নাকি তিনি মণিপুর যেতে অস্বীকার করেছেন। মণিপুরে ইস্যুতে নীরবতা ভাঙা হোক। এটি স্পষ্টতই অনুমোদিত ঘৃণামূলক অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ। আমাদের হয়রানি করা যাবে না। মমতাদি (বন্দ্যোপাধ্যায়) ভয় পায় না। স্ট্যালিন ভীত নন। রাহুল গান্ধী ভয় পান না। আমরা আপনাদের সবাইকে প্রত্যাখ্যান করব এবং আমরা জিতব।
তথ্যসূত্র- হিন্দুস্থান টাইমস বাংলা।














