ঢাকা, -

আলোচিত সংবাদ

মামলার ভয় দেখিয়ে টাকা আদায়, পুলিশের দুই এসআই ক্লোজড

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সিরাজগঞ্জ সদর উপজেলার ভাংড়ি ব্যবসায়ী লাভলু ইসলামকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয়, চোখ বেঁধে নির্যাতনের পর ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগে সিরাজগঞ্জের কাজীপুর থানার দুই উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন ও শহিদুল ইসলাম শহিদকে ক্লোজড করা হয়েছে।

বুধবার (১৭ মে) সকালে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশ সুপার স্যারের নির্দেশে তাদের ক্লোজড করে গতকাল মঙ্গলবার (১৬ মে) রাতে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, অভিযোগটি আমি পেয়েছি। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী ব্যবসায়ী লাভলু ইসলাম গত সোমবার (১৫ মে) সিরাজগঞ্জ পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (রাজশাহী) ও অতিরিক্ত পুলিশ সুপারকে (সদর সার্কেল) অনুলিপি দেওয়া হয়েছে।

আরও পড়ুন  সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়নের দাবিতে মানববন্ধন

এই অভিযোগের প্রেক্ষিতে কাজীপুর থানার দুই এসআইকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগে জানা যায়, গত (১৩ মে) শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জের কাজীপুর থানার উপ-পরিদর্শক আবুল হোসেন ও শহিদুল ইসলাম শহিদসহ ২ কনস্টেবল নিয়ে সিরাজগঞ্জ সদর থানাধীন রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের মৃত কোরবান আলীর ছেলে ভাংড়ি ব্যবসায়ী লাভলু ইসলামের বাড়িতে যায়। এরপর কোনো অভিযোগ বা মামলা ছাড়াই অনাধিকার প্রবেশ করে তাকে ধরে নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে যায়। সেখানে স্থানীয় প্রায় ৪০/৫০ জন লোকের উপস্থিতিতে তল্লাশি চালায়। এ সময় লাভলু ইসলাম এমন তল্লাশির কারণ জানতে চাইলে এসআই আবুল হোসেন তাকে নানাবিধ গালিগালাজ ও হুমকি দেয়। এক পর্যায়ে তার ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স চেক করতে হবে মর্মে তাকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যাওয়ার কথা বলে প্রায় ২ কিলোমিটার উত্তরে মহিষামুড়া চৌরাস্তা বাজারের পূর্বপাশে মহিলা মাদরাসার পিছনে নিয়ে গিয়ে আটকে রাখে। এরপর তার নিকটে থাকা সিমেন্ট বিক্রির ৩০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এরপরও লাভলু ইসলামের চোখ বেঁধে আরও ৩০ হাজার টাকা দাবি করে। তাদের চাহিদা অনুযায়ী টাকা না দিলে মামলায় ফাঁসানোসহ বেদধরক মারপিটের ভয় দেখানো হয়। নিরুপায় হয়ে লাভলু ইসলাম রতনকান্দি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ওসমান গনি ও আব্দুস সাত্তারকে ফোন দিয়ে ৩০ হাজার টাকা নিয়ে মহিষামুড়া মহিলা মাদরাসার পিছনে আসতে বলেন। লাভলু ইসলামের ফোনের সূত্রধরে রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, একডালা গ্রামের বাসিন্দা মৃত ঘাটুর পুত্র আব্দুস সাত্তারসহ ৫/৭ জন ঘটনাস্থল মহিষামুড়া এসে উপস্থিত হন।

আরও পড়ুন  অক্সিজেন-কুয়াইশ সড়কে নিরাপত্তা তল্লাশির নামে সিএনজি ড্রাইভারদের হয়রানি

এ সময় লাভলু ইসলামের কাছে দাবি করা ৩০ হাজার টাকা নিয়ে উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন ও এসআই শহিদুল ইসলাম শহিদের সঙ্গে দেন-দরবার হয়। এক পর্যায়ে আরও ১০ হাজার টাকা তাদের দেওয়া হয়। এভাবে লাভলুর কাছ থেকে ছিনিয়ে নেওয়া ৩০ হাজার ও পরবর্তীতে দরবারের মাধ্যমে ১০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকার বিনিময়ে লাভলুকে দুই পুলিশ কর্মকর্তার কাছ থেকে ছেড়ে নেওয়া হয়। এ ঘটনায় একডালাসহ রতনকান্দি ইউনিয়নের সাধারণ জনগণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর সোমবার (১৫ মে) ভুক্তভোগী ব্যবসায়ী লাভলু ইসলাম ন্যায় বিচার দাবিসহ তদন্তপূর্বক দুই পুলিশ কর্মকর্তার শাস্তি চেয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন  হাটহাজারীতে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল ডেকোরেটর কর্মীর

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ