- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ মে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উপলক্ষে বিশ্বব্যাংকের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন। 

প্রধানমন্ত্রীকে বহনকারী ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইট শুক্রবার (২৮ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৩টা ৩৭ মিনিটে মিনিটে ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। এ সময় বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প পরিচালক ড. আহমেদ কায়কাউসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাপানে চার দিনের দ্বিপাক্ষিক সফর শেষে ছয় দিনের সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গেলেন শেখ হাসিনা। এবারে যুক্তরাষ্টে সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার বোন শেখ রেহানা।

আরও পড়ুন  খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার বাংলাদেশ সরকার প্রধানের সঙ্গে হোটেল সুইটে সাক্ষাতের মাধ্যমে এই সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে বলে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রী আগামী ১ মে বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ৫০ বছরের অংশীদারিত্ব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নবিষয়ক সেমিনারে এক অনুষ্ঠানের অংশ হিসেবে বাংলাদেশ প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ-বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্বের প্রতিফলন’ শীর্ষক একটি গবেষণাপত্র উপস্থাপন করবেন। ওই অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টও বক্তৃতা করবেন।

একই দিন শেখ হাসিনা বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে এক একান্ত বৈঠকে যোগ দেবেন। সেমিনারে বাংলাদেশের উন্নয়নের জয়যাত্রা ও বিগত পাঁচ দশকে দেশে বিশ্বব্যাংকের কার্যক্রম তুলে ধরা হবে। এছাড়া বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও শিল্পকর্ম তুলে ধরতে ‘বাংলাদেশ-বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্ব’ শীর্ষক মাল্টিমিডিয়া প্রদর্শনীর আয়োজন করা হবে।

আরও পড়ুন  ভোট দেখতে ১২ দেশের পর্যবেক্ষক আসতে চায়

এর আগে ২৯ এপ্রিল বিকেলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। আগামী ২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ‘ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’-এর উচ্চপদস্থ কর্মকর্তারা একান্ত বৈঠকে যোগ দেবেন। পরে ইউএস চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুজান পি ক্লার্ক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

আরও পড়ুন  জয়পুরে আধাঘণ্টার ব্যবধানে ৩ বার ভূমিকম্প

একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট নিশা বিসওয়ালের আমন্ত্রণে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে একটি ‘উচ্চ পর্যায়ের নির্বাহী’ রাউন্ড টেবিলে মূল বক্তা হিসেবে যোগ দেবেন। এছাড়া বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট অজয় বঙ্গের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

শুক্রবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মী ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দরে সমবেত হন।

আগামী মঙ্গলবার (২ মে) ভার্জিনিয়ার ম্যাকলিনের রিটজ-কার্লটন হোটেলের মিলনায়তনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ জানিয়েছেন।