যুক্তরাষ্ট্র বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, তারা কোনো তত্ত্বাবধায়ক সরকার চায় না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় দেশের আইন অনুযায়ী নির্বাচন হোক।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকালে সিলেটের মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মধ্যে আর্থিক অনুদান প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে করেন পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নের সহযোগী হতে চায়। তাই আমাদের দিকে তাদের বিশেষ নজর রয়েছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন পদক্ষেপে তারা খুশি।
মোমেন বলেন, যুক্তরাষ্ট্র চাইছে বাংলাদেশ একটি আদর্শ নির্বাচন করে পৃথিবীকে দেখাবে। আর সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো কোনো ক্ষেত্রে এর ব্যবহার ঠিকমতো হয়নি। যেখানে তার ব্যত্যয় হয়েছে, সেখানে সংশোধন করা হবে। তাতে আমেরিকা সন্তুষ্ট হয়েছে। তারা এই আইনটি পরিবর্তনের কথা বলেনি। আইনের যাতে অপপ্রয়োগ না হয় সেই বিষয়টি বলেছে।
এর আগে সকালে জেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ সব বোঝে, তারা ভুল করবে না। তারা আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করবে।