চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত দুই অটোরিক্সার সংঘর্ষে আবদুল কুদ্দুস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার শহীদ জফর সড়কের হাসান চৌধুরী প্রকাশ চেয়ারম্যান ঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রাউজান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় দেব শীল এ তথ্য নিশ্চিত করেন।
নিহত আবদুল কুদ্দুস উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের এয়াছিননগর গ্রামের নুরুল আবছারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, সকালে চট্টগ্রাম নগরী থেকে পাসপোর্ট আনতে ঘর থেকে বের হন আবদুল কুদ্দুস। যাওয়ার পথে চেয়ারম্যান ঘাটা এলাকায় একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিক্সার সঙ্গে মুরগিবাহী অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। চালকসহ আরও তিনজন গুরুতর আহত হন। নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আবদুল কুদ্দুসকে মৃত ঘোষণা করেন।
রাউজান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় দেব শীল বলেন, সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে। তারা আসলে বিস্তারিত জানা যাবে।














