হাটহাজারী উপজেলার বুড়িশ্চরে রাতের আধাঁরে পুকুর ভরাটের দায়ে দুই জনকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৪ মে) দুপুরে উপজেলার বুড়িশ্চর ইউনিয়নে নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম ঘটনাস্থলে গিয়ে পুকুর ভরাটের অভিযোগের সত্যতা পান।
এ বিষয়টি নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান জাহেদ হোসাইন।
চেয়ারম্যান জানান, অভিযান চলাকালে ৬৪ শতক এই পুকুরটির অংশবিশেষ পরিদর্শনকালে ভরাট অবস্থায় পাওয়া গেছে। পরে পুকুর ভরাটের দায়ে (১) মিজানুর রহমান, পিতা- মুজিবুর রহমান সাং ৮নং ওয়ার্ড ও (২) জামশেদ, পিতা- মুজিবুর রহমান, সাং ৮ নং ওয়ার্ড, বুড়িশ্চর, হাটহাজারী, চট্টগ্রামকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা করে দুইজনকে মোট ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ আইন -১৯৯৫ অনুযায়ী এ জরিমানা আরোপ করা হয় এবং ডিসিআর মূলে তা আদায় করা হয়। দুজনকে আগামী ৭ দিনের মধ্যে নিজেদের খরচে ভরাটকৃত পুকুর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে মুচলেকা নেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম ভয়েস অফ এশিয়াকে বলেন, পরিবেশ আইন লঙ্ঘন করে যেকোনো কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। পরিবেশের ঝুঁকি তৈরি করে পুকুর বা কোনো জলাধার ভরাট করতে দেওয়া হবে না। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবার সচেতনতা জরুরি।
অভিযানে সহযোগিতা করেন বুড়িশ্চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদ হোসেন, হাটহাজারী মডেল থানার মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র।














