চট্টগ্রামের হাটহাজারীতে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে যাওয়া সড়ক পার হতে গিয়ে ডুবে নিপা পালিত (২১) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ আগষ্ট) সকাল ৯টার দিকে উপজেলার নন্দিরহাট ইসলামিয়াহাট বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিপা ওই এলাকার উত্তম পালিতের মেয়ে। তিনি হাটহাজারী কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বাড়ি থেকে নাজিরহাট কলেজে পরীক্ষা দিতে যাওয়ার সময় ড্রেনে পড়ে নিপা পালিত মারা গেছে।
নিহতের বড় ভাই বাদল পালিত বলেন, নিপা হাটহাজারী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় বাড়ির পাশে একটি ড্রেনে পড়ে যায়। নিপা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিল। যার কারণে ড্রেনে পড়লে সে আর উঠতে পারেনি।
হাটহাজারী থানার ওসি মনিরুজ্জামান বলেন, সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় নিপা নামে এক ছাত্রী পানিতে ডুবে মারা গেছেন। পরিবার জানিয়েছে, তিনি মৃগী রোগী ছিলেন। লাশ উদ্ধার করে আমরা থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে জানান এ পুলিশ কর্মকর্তা।














