- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

৪ বছরের মেয়েকে হত্যার পর নদীতে ভাসিয়ে দিলেন বাবা

কক্সবাজারের উখিয়ায় নেশাগ্রস্ত পিতার বিরুদ্ধে তার চারবছর বয়সী কন্যাকে হত্যার পর নদীতে মরদেহ ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে জনতার হাতে আটক হন তিনি।

শনিবার (৫ জুলাই) রাতে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী কোনার পাড়ায় এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আটক আমান উল্লাহ (৪০) ওই এলাকার মৃত নুরুল আলমের ছেলে।

আরও পড়ুন  জামায়াতের কেন্দ্রীয় নেতা অ্যাড. মতিউর আটক

স্থানীয়রা জানান, নেশা করে বাড়ি আসার পর আমান উল্লাহ অকারণে প্রথমে স্ত্রীকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তার চার বছর বয়সী শিশু মেয়েটি কাছে এলে তাকে ছুরি দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

তারা আরও জানান, পরে হত্যাকাণ্ড ধামাচাপা দিতে মেয়ের নিথর দেহ মনখালী খালে ফেলে দেন ঘাতক বাবা। এসময় মারধরের শিকার স্ত্রী কিছুটা সুস্থ হয়ে স্থানীয় দোকানদার ও প্রতিবেশীদের কাছে ঘটনার বিবরণ দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা তাৎক্ষণিক ইনানী পুলিশ ফাঁড়িকে অবহিত করেন।

আরও পড়ুন  ব্যারিস্টার আনিসের প্রস্তাবকারী ও সমর্থককে অপহরণের অভিযোগ

খবর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘাতক বাবাকে আটক করে। পুলিশের উপস্থিতিতে আমান উল্লাহ হত্যার দায় স্বীকার করে বলেন, মদ, ইয়াবা ও গাঁজা সেবন করে মাতাল অবস্থায় স্ত্রীকে পেটানোর পর মেয়েকে হত্যা করেছি।

উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান, অভিযুক্তকে হেফাজতে রেখে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন  বাথুয়া ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির দায়িত্বে রাশেদ-আজম