স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের এক নেতাকে গুলি করে মারা হয়েছে। তার নাম চৌধুরী মুহাম্মদ আদনান।
সোমবার (১২ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডির সিভিল লাইন এলাকায় এ ঘটনা ঘটে।
পাকিস্তানের এবারের নির্বাচনে জাতীয় পরিষদের রাওয়ালপিন্ডির এনএ-৫৭ আসন এবং পাঞ্জাব প্রাদেশিক পরিষদের পিপি-১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন আদনান। এর আগে ২০১৮ সালে পিটিআই থেকে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
রাওয়ালপিন্ডি পুলিশ এক বিবৃতিতে বলেছে, প্রাথমিক তদন্ত থেকে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতা থেকে মুহাম্মদ আদনানকে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হবে।
পাঞ্জাব অ্যাসেম্বলির তথ্যানুসারে, আদনান ১৯৭৬ সালের ১৫ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন। তিনি চৌধুরী মুহাম্মদ জানের ছেলে। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন আদনান। ২০১৮ সাল থেকে তিনি সমাজকল্যাণ বিষয়ক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে নির্বাচন পরবর্তী সহিংসতায় আরও দুই পিটিআই কর্মী নিহত হন।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোট কারচুপির অভিযোগে খাইবার পাখতুনখাওয়ার শিংলা এলাকায় পিটিআই নেতাকর্মীদের বিক্ষোভের সময় গুলি চালায় পুলিশ। এ সময় ওই দুজন নিহত হন।














