পারিবারিক কলহের জেরে বাবা-মায়ের মধ্যে ছাড়াছাড়ি হওয়ার খবর শুনে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তাজরিয়ান আহমেদ সোয়ারা নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পড়ুয়া এক ছাত্রী। আত্মহত্যা করার আগে একটি চিরকুটে তিনি লিখে গেছেন, ‘আই অ্যাম সরি, আই ফেইল্ড অ্যাজ অ্য হিউম্যান’।
শুক্রবার (১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের অধ্যাপক আব্দুল মান্নানের বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ভোর ৫টার দিকে কক্ষের দরজা বন্ধ করে আত্মহত্যা করেন সোয়ারা।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানায় কর্মরত এসআই শরীফুল ইসলাম।
তাজরিয়ান আহমেদ সোয়ারা চবির অর্থনীতি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।
এসআই শরীফুল ইসলাম বলেন, মা-বাবার বৈবাহিক সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন ছিলেন তাজরিয়ান। গতকাল মা-বাবার মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে- এমন সংবাদ পেয়ে মানসিকভাবে অস্থির হয়ে পিড়েন সোয়ারা। এরপর শেষ রাতে এই ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, তাজরিয়ান আহমেদ সোয়ারার বাবা শামীম আহমেদ চাকরির কারণে পাবনায় অবস্থান করলেও মা আসমা সুলতানা অবস্থান করেন ঢাকায়। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল বলে জানা যায়।
তাজরিনের বান্ধবীদের সূত্র দিয়ে হাটহাজারী পুলিশ আরও জানায়, তাজরিয়ানের আত্মহত্যার খবর শুনে খুব বেশি বিচলিত হননি মা-বাবা।
এসআই শরীফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে আমরা ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
চবি’র সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, খোঁজ পেয়ে আমরা ওই বাসায় গিয়ে দেখি- মেয়েটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পুলিশের মাধ্যমে মরদেহ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার কারণে মেয়েটি আত্মহত্যা করেছে।














