চট্টগ্রামের হাটহাজারীতে মধ্যরাতে ঈদের বাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচ দোকানিকে মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ঈদের বাজার ও মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে ফুটপাত দখল, কেনাবেচার সঠিক রশিদ বা ডকুমেন্ট সংরক্ষণ না করে বেশি দামে পণ্য বিক্রি, যথাযথ লাইসেন্স না রাখা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা না রাখা এবং টিন সার্টিফিকেট ছাড়া ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অপরাধে কাচারি সড়কের রাজস্থান পাঞ্জাবীর শোরুমসহ পাঁচটি মামলায় পাঁচ দোকানিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন বলেন, পবিত্র রমজানে মানুষ যেন নির্বিঘ্নে ঈদের কেনাকাটা করতে পারে, সে জন্য উপজেলা প্রশাসনের বাজার তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে। কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্যও তিনি অনুরোধ জানান।
উল্লেখ্য, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বিভিন্ন অপরাধ দমনে রমজানের প্রথম দিন থেকে হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে এখন পর্যন্ত অর্ধশতাধিক মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় বিভিন্ন অপরাধে প্রায় ২০ লাখ টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।














