হাটহাজারী-ভাটিয়ারী লিংক রোড এলাকা থেকে জাহিদ হোসেন প্রকাশ হৃদয় (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। হৃদয় পেশায় একজন পিকআপ চালকের সহকারী বলে জানা গেছে।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার বড়দীঘির পাড়ের পশ্চিমে উক্ত লিংক রোডের তিন নম্বর বাজার এলাকার আমির হামজা কলোনির পশ্চিম পাশ থেকে পুলিশ যুবকের মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক ইমাম হোসেন।
হৃদয় ভোলা জেলার তজিমুদ্দিন উপজেলার আরারিয়া সিকদার বাড়ির মোশারফ হোসেনের ছেলে। তবে, বর্তমানে সে নানার বাড়ি হাটহাজারী-ভাটিয়ারী লিংক রোডের তিন নম্বর বাজার এলাকার শাহাআমানত কলোনিতে ভাড়া বাসায় থাকত।
থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁর (জাহিদ) মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বুধবার ভোর ৬টা ৫০ মিনিটের সময় সর্বশেষ কথা হয়েছিল এমনটা দাবি করে হৃদয়’র খালা শিরিন আক্তার জানান, গত মঙ্গলবার সে বাসায় ফিরেনি। এরমধ্যে গতকাল বুধবার ভোরে তাঁর সাথে কথাও হয়েছে। তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরে কথোপকোথনের সময় সে গাড়িতে আছে বলে জানান। তবে, সকাল সাড়ে ৮টা নাগাদ লোকজন বলাবলি করছে, ভাগিনা হৃদয়ের মরদেহ গাছের সাথে ঝুলানো। ঘর থেকে বের হয়ে দেখি ঘটনা সত্যি।
এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার মোহাম্মদ নুরুল আলম জানান, খবর পেয়ে উপজেলার বড়দীঘির পাড়ের পশ্চিমে লিংক রোডের তিন নম্বর বাজার এলাকার আমির হামজা কলোনির পশ্চিম পাশে জাহিদ হোসেন হৃদয় নামে এক যুবকের মরদেহ পুলিশ উদ্ধার করে। পরে সুরুত হাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।














