কুমিল্লার দাউদকান্দিতে গুলি করে জামাল হোসেন নামের এক যুবলীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (৩০ এপ্রিল) আনুমানিক রাত ৮টায় উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারের ঈদগাঁ এলাকায় এ ঘটনা ঘটে।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. মোয়াজ্জেম আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জামাল হোসেন তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এবং একই উপজেলার নোয়াগাও (জিয়ারকান্দি) গ্রামের ফজলুল হকের ছেলে।
ডা. মো. মোয়াজ্জেম আহমেদ বলেন, নিহতের বুকে গুলির চিহ্ন দেখা গেছে। তাকে মৃত ঘোষণার পরও স্বজনরা আর কিছু দেখার সুযোগ না দিয়ে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যায়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঞা বলেন, গৌরীপুর বাজারে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে শুনেছি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।














