দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সদ্য সমাপ্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকনকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
রবিবার (২১ এপ্রিল) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দফতর সম্পাদক মো. জিয়াউর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অব্যাহতি দেয়ার কারণ হিসেবে বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ আইনজীবী ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ২০২৪-২৫ মেয়াদকালের দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকার জন্য চারজনকেই এক চিঠিতে আহ্বান জানানো হয়। ওই আহ্বানে সাড়া দিয়ে সদস্য পদে বিজয়ী তিনজন ফোরাম সদস্য দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকলেও গত ৪ এপ্রিল আইনজীবী সমিতির সভাপতির পদে দায়িত্ব গ্রহণ করেন এ এম মাহবুব উদ্দীন খোকন।
উদ্ভূত পরিস্থিতিতে জরুরি সভার মাধ্যমে বাংলাদেশ আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতির পদ থেকে তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেয়া হয়।














