চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থেকে নুর নবী নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে হিলভিউ আবাসিক এলাকার একটি গ্যারেজের সামনে থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহত নুর নবী ঢাকার যাত্রাবাড়ির বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ গোলাম রাসূল। পেশায় তিনি বাবুর্চি। নূর নবীকে ঢাকা থেকে অপহরণ করে চট্টগ্রামে আনা হয়েছিল। মুক্তিপণের জন্য তার পরিবারকে ভিডিওবার্তাও পাঠায় অপহরণকারীরা।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক আফতাব হোসেন জানান, খবর পেয়ে হিলভিউ আবাসিকের ১০ নম্বর রোডের একটি গ্যারেজের সামনে থেকে কিশোর নুর নবীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নবীর ভাই মো. রমজান হোসেনের বরাত দিয়ে নগর পুলিশের এক কর্মকর্তা জানান, গত ২১ আগস্ট হোসেন নামে এক বন্ধুর জম্মদিন পালনের কথা বলে বাসা থেকে বের হয় নুর নবী। গত ২৩ আগস্ট অজ্ঞাত একজন রমজানকে ফোন দিয়ে বলে, তোমার ভাই আমার কব্জায় আছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, কিশোর নুর নবী ঢাকা থেকে কীভাবে চট্টগ্রাম এল, মুক্তিপণ না পেয়ে তাকে খুন করা হয়েছে কিনা, কারা, কি উদ্দেশ্যে তাকে চট্টগ্রাম এনে খুন করলো তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত নুর নবীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঢাকা থেকে তার পরিবার চট্টগ্রাম এলে মামলা দায়ের হবে।














