- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

বোয়ালখালীতে ‘উড়ছে টাকা’, পছন্দের প্রার্থীর পক্ষে টাকা দিচ্ছেন আ.লীগ নেতা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে ‘টাকা উড়ছে’। পছন্দের প্রার্থী মোহাম্মদ জাহেদুল হককে হেলিকপ্টার প্রতীকে ভোট দিতে ঘরে ঘরে গিয়ে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে বোয়ালখালী আমুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আল নোমানের বিরুদ্ধে।

সম্প্রতি টাকা বিতরণের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, প্রচারের শেষের দিকে এসে পছন্দের প্রার্থীর পক্ষে জয় ছিনিয়ে নিতে ঘরে ঘরে যাচ্ছেন আ.লীগ নেতা আব্দুল আল নোমানের নেতাকর্মীরা। আর টাকা দিচ্ছেন হাতে হাতে। এমনকি খোদ আব্দুল আল নোমান গণসংযোগ করে টাকা দিচ্ছেন।

আজ রবিবার (২৬ মে) সকালে আমুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে ভোটারদের বাড়িতে গিয়ে গণসংযোগ করেন তিনি। এ সময় আ.লীগ নেতা এক নারীর কাছে জানতে চান তিনি এখানকার ভোটার কি না। প্রতি উত্তরে ওই নারী জানান, তিনি এখানকার স্থানীয় ভোটার। এ কথা বলার পরই নোমান নতুন টাকার বান্ডেল থেকে ওই নারীকে টাকা দিতে এগিয়ে যেতে দেখা যায় ভিডিও চিত্রে।

আরও পড়ুন  মীরসরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, মায়ের দাবি হত্যা

স্থানীয়রা জানায়, উপজেলা নির্বাচনের প্রচারের শুরুতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সমর্থক ছিলেন নোমান। পরে তিনি জেলা আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ব্যবসায়ী চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জাহেদুল হকের হেলিকম্পটার প্রতীকে প্রচার আর গণসংযোগ চালান।

এ বিষয়ে জানতে চাইলে আমুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আল নোমান গণমাধ্যমকে বলেন, আমি কোনো ভোটারকে টাকা দেইনি। দৈনন্দিন জীবনে অনেককেই টাকা দিচ্ছি। কোনটা কিসের টাকা আমি জানি না। আমার কোনো কর্মীকে দিচ্ছি কি না বা চা-নাস্তা খেতে দিচ্ছি কি না তা আমাকে ভিডিও দেখালেই বলতে পারব।

আরও পড়ুন  'অনন্যা' থেকে চোরাই মোটরসাইকেল রামুতে উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রার্থীর পক্ষে টাকা বিতরণের বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মইনুল হক গণমাধ্যমকে বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। এতে কিছু লোকজনকে হেলিকম্পটার প্রতীকে প্রার্থীর পক্ষে প্রচার ও টাকা বিলি করতে দেখা গেছে। এটা অবশ্যই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।

তিনি বলেন, উপজেলা নির্বাচন আচরণবিধি ১৭ (গ) অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানে ভোটারদের কোনোপ্রকার উপহার বা বকশিশ প্রদান করতে পারবে না। এ বিষয়ে সত্যতা যাচাই করা হবে। কোনো প্রমাণ পাওয়া গেলে প্রার্থীকে শোকজ করা হবে। শোকজের জবাব অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ৬ষ্ঠ ধাপে বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন সাতজন। কিন্তু ভোটের মাঠে জোরেসোরে আলোচনায় রয়েছেন চারজন।

আরও পড়ুন  মিরসরাইয়ে আ. লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ২০ নিহত ১

তারা হলেন- হেলিকপ্টার প্রতীকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ জাহেদুল হক, মোটর সাইকেল প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, আনারস প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মো. শফিক ও দোয়াত-কলম প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম (রাজা মিয়া)।

প্রতীক পেয়েই তারা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় তারা ছুটছেন দিনরাত এক করে। নির্বাচনের দলীয় কোনো প্রার্থী না দিলেও বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা হঠাৎ মরিয়া হয়ে উঠেছেন তাদের মতাদর্শের প্রার্থীকে জেতাতে। নীরব ভোট বিপ্লবে এমন অভিযোগ উঠেছে এবারের নির্বাচনকে সামনে রেখে।