হাটহাজারি থানার বুড়িশ্চর ইউনিয়নে বলাৎকারের অভিযোগে মো. এসকান্দর (৪৬) নামের এক জনকে গ্রেপ্তার করেছে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ।
বুধবার (২৪ মে) রাতে দক্ষিণ বুড়িশ্চর ৯ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহবুবর রহমান।
গ্রেপ্তারকৃত মো. এসকান্দর দক্ষিণ বুড়িশ্চর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, মো. এসকান্দর এবং ভিকটিম একই এলাকায় বসবাস করেন। ভিকটিম একজন স্কুল পড়ুয়া ১২ বছরের শিক্ষার্থী। স্কুলে আসা যাওয়ার পথে এসকান্দর শিশুকে টাকার প্রলোভনসহ বিভিন্নরকম কুপ্রস্তাব দিত। একপর্যায়ে টাকার প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে শিশুকে বলাৎকার করে এসকান্দর, সাথে কাউকে না বলতেও নিষেধ করে। সর্বশেষ সোমবার (২২ মে) ওই শিক্ষার্থী স্কুল থেকে বাড়ী ফেরার পথে এসকান্দর ভিকটিমকে একা পেয়ে দক্ষিণ বুড়িশ্চর সোলাইমানের মুরগী ফার্মের পিছনে ঝোপের মধ্যে নিয়ে আবারও বলাৎকার করে। ঘটনা জানাজানি হলে ভিকটিমের পিতা নিজেই এজাহার দাখিল করেন।
মদুনাঘাট তদন্ত কেন্দ্রের সাব-ইন্সেপেক্টর মো. আজম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযোগের পর বলাৎকারকারী এসকান্দরকে আটক করেন।
এ ব্যাপারে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহবুবর রহমান বলেন, ভিকটিমের পিতা নিজেই এজাহার দায়ের করেছেন। অভিযুক্তকে আটক করে রাতেই থানায় পাঠানো হয়েছে। মামলা রুজু পরবর্তী আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা এসব বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করি।














