চট্টগ্রামের আকাশ শনিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন। দুপুর ১২টার দিকে নগরীর কোথাও ভারী আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। এতে করে নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়। কোনো কোনো সড়ক হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া সাধারণ মানুষ।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর বাকলিয়া, চকবাজার, চান্দগাঁও, আগ্রাবাদ ও রিয়াজউদ্দিন বাজার এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। নগরীর নালাগুলো দিয়ে পানি না নামায় সামান্য বৃষ্টিতে এমন জলাবদ্ধতা তৈরি হয়েছে।
রিয়াজউদ্দিন এলাকার এক ব্যবসায়ী বলেন, মাত্র শুরু হলো বৃষ্টিপাত। এর মধ্যেই সড়কে হাঁটু পরিমাণ পানি ওঠে গেছে। টানা বৃষ্টিপাত হলে কী হবে আল্লাহ জানেন। পানির ওঠার কারণে দোকানগুলোতে কাস্টমার নেই। আমরাও কাজে বের হতে পারছি না।
জলাবদ্ধতা চট্টগ্রামের অন্যতম বড় সমস্যা। গত কয়েক দশক ধরেই জলাবদ্ধতার দুর্ভোগ মাথায় নিয়ে চলছে নগরবাসী। জলাবদ্ধতা নিরসনে ১০ হাজার ৯২১ কোটি টাকার চারটি বড় সরকারি প্রকল্পের কাজ চলছে বছরের পর বছর। এই চার প্রকল্পের প্রতিটিরই সময় ও ব্যয় বাড়লেও সুফল মিলছে না।
বড় চার প্রকল্পের মধ্যে পাঁচ হাজার ৬১৬ কোটি টাকার সবচেয়ে বড় প্রকল্পটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) হাতে। ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ নামের এই প্রকল্পে এরই মধ্যে খরচ হয়েছে তিন হাজার কোটি টাকা।
জলাবদ্ধতা নিরসনে আরেকটি বড় প্রকল্প ‘কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ’ও সিডিএর হাতে। দুই হাজার ৩১০ কোটি টাকার এই প্রকল্পে এরই মধ্যে খরচ হয়েছে ১২০০ কোটি টাকা। তারপরও বর্ষা মৌসুমে এর বিন্দুমাত্র সুফল পাচ্ছে না নগরবাসী।
এদিকে চট্টগ্রাম আবহাওয়া কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা বলেন, বৃষ্টিপাতের রেকর্ড প্রতি ৩ ঘণ্টা পরপর হিসেব করা হয়। সবশেষ দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা জানান, চট্টগ্রামের আকাশ মেঘলা থেকে সাময়িক মেঘাচ্ছন্ন থাকতে পারে। সঙ্গে কোথাও অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রামে রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। একইসঙ্গে চট্টগ্রাম নদী বন্দরকে এক নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।














