কক্সবাজারের পেকুয়ায় সীমানা বিরোধের জের ধরে দেবরের হাতে ভাবী খুন হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৫ মে) বিকেল ৫টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কোহিনুর আক্তার মালয়েশিয়া প্রবাসী আমির হোছনের স্ত্রী। অভিযুক্ত আলী আহমদ (৩৫) মৃত পেঠান আলীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মুজিবুর রহমান বলেন, গৃহবধূ কোহিনুরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
নিহতের মেয়ে রোকেয়া বেগম বলেন, আমার চাচা আলী আহমদ দীর্ঘদিন ধরে আমাদের বসত ঘরের সীমানার ওপর দেয়াল তুলে ঘর নির্মাণের চেষ্টা চালাচ্ছিলো। কিন্তু তাতে আমার মা বাধা দিয়ে আসছিলেন। এর জের ধরে চাচা আমার মাকে খুনের হুমকি দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে দেয়াল নির্মাণ কাজে বাধা দিলে চাচা আলী আহমদ আমার মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করে। এসময় চাচি হুমায়রা বেগমও মাকে মারধর করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, সুরতহালে নিহতের মাথায় ও বুকে ভারি বস্তুর আঘাতের চিহ্ন দেখা গেছে। আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান ওসি।














