হাটহাজারীতে উল্টো পথে গাড়ি চলাচল করে যানজট সৃষ্টির অভিযোগে ৮ মামলায় ২৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের মেখল ইউনিয়নের ইছাপুর ফয়েজিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম।
তিনি জানান, উল্টো পথে চলাচল করে যানজট সৃষ্টিসহ দুর্ঘটনা ঘটার পরিবেশ সৃষ্টি করার অপরাধে ১৪টি সিএনজিচালিত অটোরিকশা, ২টি মোটরসাইকেল, ১টি প্রাইভেট কার ও ১টি পিকআপ ড্রাইভারকে ১৮টি মামলায় ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম বলেন, মহাসড়কে শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন ও নিরাপদ মহাসড়ক নিশ্চিতকরণে চট্টগ্রামের জেলা প্রশাসকের নির্দেশনায় প্রতিনিয়ত কাজ করছে উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় এই অভিযান।
প্রয়োজনে অভিযান আরও কঠোরতর হবে এবং অব্যাহত থাকবে বলে যোগ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত নুরুল আলম, মেখল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন চৌধুরী।














