চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় মাঝরাতে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগানে ঝটিকা মিছিল নিয়ে রাস্তায় বের হয়ে পড়ে একদল তরুণ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। আসলে এরা কারা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১ টার পরে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” সহ বিভিন্ন স্লোগান দিয়ে এক মিছিল বের করে তারা। যার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগযোগ মাধ্যমে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত ১টার দিকে জামালখান মোড় থেকে একটি ঝটিকা মিছিল চেরাগি মোড়ের দিকে চলে যায়। এসময় মিছিলের অগ্রভাগে কয়েকটি মোটরসাইকেল ছিল। মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা শেখ হাসিনা’ ইত্যাদি স্লোগান দেয়।
এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের চৌধুরী।
তিনি জনান, আমরা শনাক্ত করছি। ১০/১২ জন তরুণ বিচ্ছিন্নভাবে রাত সাড়ে ১২টার পর থেকে নিরিবিলিতে থেকে ২/৩ মিনিট স্লোগান দিয়ে সরে পড়ে। আমরা ফেসবুকে দেখেছি আরকি। নানাভাবে কয়েক মিনিট স্লোগান দিয়ে ছট করে অলিগলিতে ঢুকে পড়ে। আমরা একজনকে গ্রেফতার করেছি। সে ৪ আগস্ট ছাত্র আন্দোলন বিরোধী হামলার ঘটনায় লিপ্ত ছিল।
এদিকে রাজপথে হঠাৎ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে আজ শনিবার বিকেল তিনটায় জামালখান মোড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।














