চট্টগ্রামের চন্দনাইশে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের আশ্রয়ণ প্রকল্পের এক নারী বাসিন্দাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ আগস্ট) তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চন্দনাইশ উপজেলার ৮ নম্বর হাশিমপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড দক্ষিণ হাশিমপুর গুচ্ছগ্রামের ছেলে মো. জাহাঙ্গীর আলম (১৯), দক্ষিণ হাশিমপুরের নতুনপাড়ার বাসিন্দা মো. মোরশেদ আলম (৩২) এবং একই এলাকার ছেলে মো. হাসান উদ্দিন সাকিব (১৮)।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ৮ আগস্ট দিবাগত রাত ১২ টা থেকে ৩টায় আসামিরা ভুক্তভোগীকে দক্ষিণ হাশিমপুরে তার নামে বরাদ্দকৃত আশ্রয়ণ প্রকল্পের ঘরে ঢুকে মো. জাহাঙ্গীর আলম ধর্ষণ করে। এ সময় অভিযুক্ত জাহাঙ্গীরকে সহায়তা করে মো. মোরশেদ আলম ও মো. হাসান উদ্দিন। আসামিদের একজন ভুক্তভোগীর ৬ বছরের শিশু পুত্রের মুখ চেপে ধরে রাখে যাতে সে চিৎকার করতে না পারে।
ভুক্তভোগী শুক্রবার চন্দনাইশ থানায় অভিযোগপত্র দাখিলের পর মামলা রুজু করেন। এরপরই অভিযানে নেমে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে।
একই সঙ্গে ভিকটিমকে ডাক্তারের পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।














